দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, অসহায়দের চিকিৎসা সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাউলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের মূল উদ্দেশ্য তৃণমূলের মানুষের জীবনমানের উন্নয়ন করা। সেলাই মেশিন পেয়ে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, স্প্রে মেশিন কৃষিকাজে সহায়ক হবে এবং শিক্ষা উপকরণ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে।
৬ নম্বর হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু ও শাহাজামালসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও শিক্ষার্থীরা।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেন। এর মধ্যে ছিল ২৪টি সেলাই মেশিন, ২১টি স্প্রে মেশিন, ১২০টি স্কুল ব্যাগ, ১২০টি টিফিন বক্স, ৮টি চেয়ার, ৫টি বিপনি মেশিন, ৫টি ডিজিটাল থার্মোমিটার এবং ৩টি ডায়াবেটিস মাপার মেশিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী।
হাউলীতে দুস্থ-অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ



