দামুড়হুদা অফিস
“একসাথে, আরও শক্তিশালী জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মসিউর রহমানের সভাপতিত্বে সভায় জলাতঙ্কের ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিবুল্লাহ, ডা. ইয়াসিন রাহাত, শাকিব আব্দুল মমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ। তবে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা, যথাযথ চিকিৎসা ও টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য জলাতঙ্ক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
তারা বলেন, কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে বিষয়টি কোনোভাবেই অবহেলা করা যাবে না। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। এরপর দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, ক্ষতস্থানে ঝাড়ফুঁক, গোবর, চুন বা অন্য কোনো অপদ্রব্য লাগানো এবং চিকিৎসা নিতে দেরি করা বিপজ্জনক হতে পারে। জলাতঙ্ক প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জলাতঙ্ক নির্মূলে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ, পোষা প্রাণীর মালিক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশেষ করে কুকুরের ব্যাপক টিকাদান কর্মসূচি জোরদার এবং প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত



