জীবননগর অফিস
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশিক্ষক জসীমউদ্দীন, প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।
কর্মসূচি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এসব চারা নিজ নিজ এলাকায় রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জীবননগর, চুয়াডাঙ্গার আয়োজনে এ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান



