স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ রুহুল কবীর খান গত ২০২৬ সালের ১৬ মার্চ ৩১তম পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। তাঁর নেতৃত্বে জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয় বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
গত রবিবার এক অফিস আদেশে মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), ঢাকায় বদলি করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা তাঁকে মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গার নাগরিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং জেলা পুলিশের সকল সদস্য, সিভিল স্টাফ ও আউটসোর্সিং সদস্যদের প্রতি আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও তিনি চুয়াডাঙ্গার মানুষের কল্যাণ কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান



