হরিণাকুণ্ডুর তাহেরহুদায় গ্রামীণ ঐতিহ্যের ‘ঝাপান খেলা’ অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামের মন্ডলপাড়ায় দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘ঝাপান খেলা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আয়োজিত এ খেলায় বিভিন্ন এলাকার আটটি দল অংশ নেয়। মঙ্গল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান সোনা। খেলা দেখতে সকাল থেকেই মন্ডলপাড়ায় বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। শিশু, তরুণ, বয়োজ্যেষ্ঠ ও নারীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও দিনব্যাপী এ গ্রামীণ ঐতিহ্য উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার ৮০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ২ হাজার ৩০০ টাকা।
আয়োজকেরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখা এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর ঝাপান খেলার আয়োজন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।