স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার হাতিকাটায় রাস্তা পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি গত ৪-৫ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে জামাই মানিকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে হাতিকাটা মোড় এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসটির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটির চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন মারা যান। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
হাতিকাটায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত



