গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মেহেরপুর অফিস
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান।
এ সময় গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কাথুলী ইউনিয়ন লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪১-৩২ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে লাল দল জয়লাভ করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি বলেন, তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।