আন্দুলবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাশীপুরের জয়

টিপু সুলতান-রকিবুজামান, জীবননগর
জীবননগরের আন্দুলবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আন্দুলবাড়িয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে দেহাটি ক্রীড়া সংস্থাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশীপুর ক্রীড়া সংস্থা। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কুশল বিনিময় হয়। এরপর শুরু হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের শেষদিকে দেহাটি ক্রীড়া সংস্থার ১১ নম্বর জার্সিধারী ইদ্রিস আলী গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দেহাটি।
দ্বিতীয়ার্ধে গ্যালারিভর্তি দর্শকের করতালির মধ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। একপর্যায়ে কাশীপুর ক্রীড়া সংস্থার ১১ নম্বর খেলোয়াড় সুভ্র গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ম্যাচ শেষ হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কাশীপুর ক্রীড়া সংস্থা ৪-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখায়াত হোসেন। এছাড়া কেডিকে ইউনিয়ন উলামা শাখার সভাপতি মাওলানা আব্দুল ছাত্তার, কেডিকে যুবদলের আবু সামা টোকন, আন্দুলবাড়িয়া কলেজের সভাপতি সাইদুর রহমান বাবু, সোহাগ হোসেন, বোরহান এবং দেহাটি দলের কোচ বাবলু শাহ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাখায়াত হোসেন বলেন, বর্তমান সমাজকে মাদকমুক্ত রাখতে যুবসমাজকে খেলাধুলামুখী করার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল হাই। সহকারী রেফারি ছিলেন মারুফ ও রিয়াদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।