দর্শনা অফিস
দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে লাভলী ইয়াসমিন বলেন, সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পিতামাতার ভূমিকা অপরিসীম। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং কোনো সমস্যায় পড়ছে কি না, এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এখন থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সন্তানকে শুধু শাসন না করে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বিদ্যালয় ও পরিবার একসঙ্গে কাজ করলেই শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নত করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার ওসি নজরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, এডহক কমিটির অভিভাবক সদস্য ও দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।
দর্শনার মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময়



