আলমডাঙ্গায় সুজি খাওয়াতে গিয়ে গলায় আটকে ৬ মাসের শিশুর মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সুজি খাওয়ানোর সময় গলায় আটকে মোঃ আরিয়ান নামে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মাজু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ আরিয়ান মাজু গ্রামের চানু মাষ্টারের ছেলে। তার মায়ের নাম মোছাঃ রাবেয়া খাতুন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে শিশুটির মা মোছাঃ রাবেয়া খাতুন তার ছয় মাস বয়সী সন্তান আরিয়ানকে সুজি খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে শিশুটির গলায় সুজি আটকে যায়। এতে তার চেহারা নীল বর্ণ ধারণ করে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। তবে পথিমধ্যে শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।