আলমডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, গাঁজা সেবনের সরঞ্জাম এবং দুটি চোরাই ছাগল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা পৌরসভার স্টেশনপাড়ায় নুরুমিয়ার মার্কেটের ভেতরে অভিযান চালিয়ে হৃদয় অধিকারী (২২) ও শাহ পাভেলকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টা ১৫ মিনিটে বড় বোয়ালিয়া মিলবাজারে একটি টেলিকম ও ইলেকট্রনিকস দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. জুয়েল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা সনাতনপুর গ্রামে অভিযান চালিয়ে মো. সাব্বির হোসেন ওরফে আকাশ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আব্দুর রাজ্জাক (৫০), মাহফুজুর রহমান (৩৫), মো. শাকিল আহম্মেদ (৩৬) ও মো. আমান উল্লাহ আল আমিন (৩২)। এ সময় তাঁদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে মো. ফারুক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি চোরাই ছাগল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ওল্টু (৩২) এবং পুরোনো মামলার আসামি মো. মাছুম বিল্লাহ ওরফে আকাশ উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য ও চোরাই ছাগল উদ্ধারের ঘটনায় আটক কয়েকজনকে তাৎক্ষণিক বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।