দর্শনা অফিস
দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামে মতিয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধর, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত মতিয়ার হোসেন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মতিয়ার হোসেন ঝাঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে। একই গ্রামের জামশেদের ছেলে কোরবানসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি এসব অভিযোগ করেছেন।
মতিয়ার হোসেনের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সকালে ঝাঝাডাঙ্গা মাঠপাড়ায় নিজের পেয়ারা বাগান থেকে পেয়ারা বিক্রি করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কোরবানসহ কয়েকজন ধারালো অস্ত্র, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। প্রাণভয়ে সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তাঁর কাছ থেকে পেয়ারা বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন মতিয়ার।
ঘটনার পরপরই দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানা গেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝাঝাডাঙ্গায় পেয়ারা বিক্রি করে ফেরার পথে মতিয়ারকে মারধর শেষে টাকা ছিনতাই করে পালালো কোরবান



