দর্শনা অফিস
দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ফজলুল কাদের, অফিস সহকারী নজরুল ইসলাম ও নৈশপ্রহরী নুর ইসলাম। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আবুল কাশেম মিল্টন।
সভাপতির বক্তব্যে আলহাজ মশিউর রহমান বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের অর্জিত অভিজ্ঞতা অবসরজীবনেও বিদ্যালয় ও সমাজের কাজে লাগতে পারে। বর্তমান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বিদ্যালয়ের দরজা তাঁদের জন্য সবসময় খোলা থাকবে।
তিনি শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকের শাসনকে নেতিবাচকভাবে না দেখে শিক্ষার্থীদের কল্যাণ ও ভালো শিক্ষার জন্য দেওয়া নির্দেশনা হিসেবে দেখা উচিত। শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ শিক্ষার্থীদের আচরণে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
মশিউর রহমান আরও বলেন, শতবর্ষী এই প্রতিষ্ঠানের ঐতিহ্য রয়েছে। বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রয়েছে। বিদ্যালয় জাতীয়করণের সম্ভাবনা তৈরি হলে এ বিষয়ে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য ও দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা শামীম আরা, আক্তার জাহান, সাবিনা ইয়াসমিন এবং সহকারী শিক্ষক আশরাফুল আলম, আব্দুল মালেক, আব্দুল কাদের, ফারজানা ইয়াসমিন, হাফিজুর রহমান, আরিফা সুলতানা, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির রানা, সুজন মিয়া, শামসুন্নাহার, আরাফাত হোসেন, শামীম হোসেন, সুমন আলী, উম্মে হাবীবা মায়াসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের সহকর্মীদের বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দর্শনা মেমনগর বিপ্রদাশ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা



