জীবননগরে বাস-ইজিবাইকের সংঘর্ষে নারী নিহত, আহত ৫

জীবননগর অফিস
জীবননগরে পূর্বাশা পরিবহনের বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহরন খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত আহরন খাতুন মহেশপুর উপজেলার কাজিরবের গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্বামী শাহিদুল ইসলাম (৬৫), ছেলে আসিফ (২০) ও ইজিবাইকচালকসহ আরও দুজন। গতকাল বুধবার বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা গ্রামের ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পূর্বাশা পরিবহনের একটি বাস জিন্নাহনগর থেকে জীবননগরের দিকে আসছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। পাথিলা গ্রামের ঈদগাহের সামনে পৌঁছালে বাসটির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা সব যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। জানা গেছে, নিহত আহরন খাতুন তাঁর স্বামী শাহিদুল ইসলামকে চিকিৎসকের কাছে দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।