দর্শনা অফিস
দর্শনা থানার জিরাট গ্রামে রাতের আঁধারে বাগানের ৭০টি মহানিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক। এ ঘটনায় দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, দর্শনা থানার জিরাট মাঝেরপাড়া এলাকার ফজলুর রহমান (৫৫) খেয়াঘাটসংলগ্ন মাঠে মহানিম গাছের বাগান গড়ে তোলেন। গত ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ৭০টি মহানিম গাছ কেটে ফেলে।
অভিযোগে ফজলুর রহমান উল্লেখ করেন, কেটে ফেলা গাছগুলোর প্রতিটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ থেকে ৩০ ফুট। এতে তাঁর প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দর্শনায় রাতের আঁধারে সাড়ে ৩ লাখ টাকার গাছ কেটে সাবাড়



