চুয়াডাঙ্গায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ রানা ওরফে ‘বোমা’ মাসুদ (৩৯) এবং  কার্যক্রম নিষিদ্ধ চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত সোমবার  রাত সাড়ে ৮টার দিকে হাসানহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মাসুদ রানা ওরফে ‘বোমা’ মাসুদকে গ্রেফতার করেন। তিনি হাসানহাটি গ্রামের মো. রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, মাসুদ রানা দর্শনা থানার ২০ আগস্ট ২০২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী। এই মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪ ধারা সহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।
অপরদিকে, এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে নাঈম পারভেজ সজলকে গ্রেফতার করেন। তিনি আরামপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
নাঈম পারভেজ সজল চুয়াডাঙ্গা সদর থানার ৩ অক্টোবর ২০২৪ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।