মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—গাংনী উপজেলার করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে আরিশা খাতুন (২), মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে নাবিল হোসেন (১১) এবং মহাজনপুর গ্রামের কারিগরপাড়ার শিল্টনের মেয়ে জান্নাতি খাতুন (৭)।
জানা গেছে, গাংনীর করমদী গ্রামের মাঠপাড়ায় বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী শফিকুল ইসলামের পুকুরে পড়ে যায় শিশু আরিশা খাতুন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
অন্যদিকে, মুজিবনগরের মানিকনগর গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বাড়িতে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, মুজিবনগরের মহাজনপুর গ্রামে ইজিবাইকের চাপায় জান্নাতি খাতুন (৭) নামে আরেক শিশু নিহত হয়েছে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে মহসিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জান্নাতির বাবা শিল্টন আসরের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। জান্নাতিও বাবার পেছনে পেছনে হাঁটছিল। তারা মহসিন মার্কেটের কাছে পৌঁছালে সদরপুকুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক সামনে থাকা একটি ট্রলিকে পাশ কাটানোর সময় জান্নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি জব্দ ও চালককে হেফাজতে নেয়।
মুজিবনগর থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়াও এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মেহেরপুরে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু



