জীবননগর অফিস
জীবননগরে লাইসেন্স না থাকায় নিউ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। একইসাথে ক্লিনিকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর শহরে নিউ সেবা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা ও স্বাস্থ্য সেবার নিয়ম না মানার কারনে প্রতিষ্ঠানটির মালিক সুজা উদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সেই সাথে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত ৪ দিন আগে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদশুনে এখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই-বাছাই করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে সবাইকে দ্রুত বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি টিম।
জীবননগরে নিউ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান লাইসেন্স না থাকায় জরিমানা, ক্লিনিকে তালা লাগিয়ে বন্ধ ঘোষণা



