দর্শনা উজলপুরে প্রীতি ফুটবল ম্যাচে ছেলেদের হারিয়ে বাবাদের জয়

তিতুদহ প্রতিনিধি
অনলাইন জুয়া, মোবাইল গেম ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দর্শনা উজলপুর বিলপাড়া যুবসমাজ। তরুণদের খেলাধুলামুখী করতে গতকাল শুক্রবার বিকালে উজলপুর বিলপাড়ার মাঠে আয়োজন করা হয় বাবা বনাম ছেলেদের এক প্রীতি ফুটবল ম্যাচ। ব্যতিক্রমী এই ম্যাচকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। একদিকে মাঠে মুখোমুখি হন অভিজ্ঞ বাবারা, অন্যদিকে নিজেদের তারুণ্যের শক্তি নিয়ে মাঠে নামে ছেলেদের একাদশ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ছেলেদের দল আক্রমণাত্মক ফুটবল খেললেও অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। নির্ধারিত সময়ে ছেলেদের একাদশ মাত্র একটি গোল করতে সক্ষম হয়। বিপরীতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাবাদের একাদশ তিনটি গোল করে জয় নিশ্চিত করে।
ফলে ছেলেদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসেন বাবারা। ম্যাচ শেষে হাসি-ঠাট্টা ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দুই দলের খেলোয়াড়রা। খেলাটি পরিচালনা করেন নুরজামাল, মাসুম ও দ্বিন মোহাম্মদ। পুরো ম্যাচজুড়ে মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। খেলার আনন্দ, বাবাদের জয় এবং ছেলেদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় উজলপুর বিলপাড়ায় তৈরি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।