আলমডাঙ্গায় পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি, কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পল্লীগীতি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরওয়ার মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন। আলোচনা সভায় বক্তারা পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের জীবন, কর্ম ও বাংলা লোকসংগীতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ১৯৩১ সালের ২৭ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল আলিম। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর আকর্ষণ তৈরি হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ খুব বেশি না থাকলেও নিজ প্রতিভা ও সাধনায় তিনি হয়ে ওঠেন বাংলা লোকসংগীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।
পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি ও বিচ্ছেদসহ লোকসংগীতের বিভিন্ন ধারায় ছিল তাঁর অসাধারণ বিচরণ। তাঁর গায়কিতে ছিল সহজাত আবেগ, যা কোনো কৃত্রিমতা ছাড়াই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেত। বাংলা চলচ্চিত্রের গানেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কণ্ঠে লোকজ সুর পেয়েছিল নতুন বিস্তার এবং শহুরে শ্রোতাদের কাছেও পৌঁছে যায় বাংলার মাটির গান।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক কমলকান্তি চক্রবর্তী, মাস্টার তবিবুর রহমান, মাস্টার আশরাফুল হক পান্না, সাহাবুল হক, কামাল হোসেন ও মোহাম্মদ হাবিবসহ স্থানীয় শিল্পীরা। বক্তারা আরও বলেন, আব্দুল আলিম ছিলেন বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর গান ও সৃষ্টিকর্ম আজও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছে। লোকসংগীতের এই কিংবদন্তি শিল্পীর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।