শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ এক ঘণ্টা পর কৃষি কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। গতকাল শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গাড়াগঞ্জ পুরাতন বাজারে সার কিনতে গেলে ডিলার প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে তাঁদের সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গাড়াগঞ্জ-শৈলকূপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করেন। সার পাওয়ার আশ্বাস ও ব্যবস্থা করা হলে কৃষকেরা অবরোধ তুলেনেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতির সৃষ্টি হলেও দ্রুত বিষয়টি সমাধান করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।