ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি গড়াই পরিবহনের। বাসটির নম্বর কুষ্টিয়া-ব-১১০০৫৭।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে কী কারণে বাসটির চাকা খুলে যায়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের কাছ থেকে অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও অনেক আহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে যশোরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ফলে আহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলেও জানান তিনি। তবে তাঁদের পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামে দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০



