দর্শনা অফিস
গ্রামীণ ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির প্রচার, প্রসার, চর্চা ও সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতশিল্পী, চুয়াডাঙ্গা তথা দর্শনার কৃতী সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে আলোচনা, পরিচয়পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৪২ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ধীরু বাউলের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও গোল্ড অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কবি মো. আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিত্রনায়ক ডি এ তায়েব। এ সময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর যুগ্ম মহাসচিব এ আর লিয়াকত, সিনিয়র সাংবাদিক শ্রী অশোক ধরসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীরা শুভেচ্ছা বক্তব্য দেন।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠকসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ ও সমাজে অবদান রাখা ৪২ জন গুণী ব্যক্তিকে মানবতার প্রতীক মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়। সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব মো. আজগর হোসেন ও টেলিভিশন উপস্থাপিকা সাবরিনা কাইয়ুমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট মনিরুজ্জামান ধীরু বাউল বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতশিল্পী হিসেবে দ্বিতীয় গ্রেডে উন্নীত হয়েছেন।
লোকসংস্কৃতিতে দর্শনার ধীরু বাউল মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত



