চুয়াডাঙ্গায় আজ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণার ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক গ্রুপ

স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় আজ শনিবার থেকে সবরুটে বাস চলাচল বন্ধ ঘোষণার ডাক দিয়েছে   বাস-মিনিবাস মালিক গ্রুপ।

আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা, মারধরের অভিযোগে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণার ডাক দিয়েছে।  গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ জরুরি সভায় মিলিত হয়ে এ সিন্ধান্তের কথা জানান।

জানা গেছে,  গত বৃহস্পতিবার  দৌলতদিয়াড় এলাকা থেকে  একটি ইজিবাইক চুয়াডাঙ্গা  শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে  পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দেয়।৷ এর  জের ধরে ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়ক আড়াআড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় ও প্রশাসনের ন্যায্য বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

 দোষীদের গ্রেফতারের দাবিতে গতকাল শুক্রবার  চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে   চুয়াডাঙ্গার সকল  রুটের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় । 

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস,-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন মঈনুদ্দিন মুক্তাসহ মালিক সংগঠনের নেতৃবৃন্দ। 

  মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।