দর্শনা অফিস
দর্শনায় কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডের ডিস্টিলারি বিভাগে নিম্নমানের কার্টন সরবরাহের অভিযোগ উঠেছে ঢাকার সাউথটেক কোম্পানির বিরুদ্ধে। অভিযোগের পর কার্টনভর্তি একটি ট্রাকের মালামাল গ্রহণ না করে ফেরত দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডে চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারি বিভাগে বিভিন্ন ধরনের অ্যালকোহলজাত পণ্য উৎপাদন করা হয়। এসব পণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে কার্টন ব্যবহার করা হয়। কার্টন সরবরাহের জন্য প্রতি অর্থবছরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। সেই দরপত্রের মাধ্যমে কার্টন সরবরাহের কাজ পায় ঢাকার সাউথটেক কোম্পানি।
তবে মালামাল সরবরাহের শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের কার্টন সরবরাহের অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে একাধিকবার আপত্তি ও সতর্ক করা হলেও নিম্নমানের কার্টন সরবরাহ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় কার্টনভর্তি একটি ট্রাক গত বৃহস্পতিবার দর্শনার কেরুর ডিস্টিলারি বিভাগে পৌঁছায়। মালামাল আনলোডের সময় কার্টনের মান নিয়ে আপত্তি ওঠে। পরে কার্টনগুলো গ্রহণ না করে ট্রাকভর্তি মালামাল ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরবরাহকৃত কার্টনের মান যাচাই ও চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সাউথটেক কোম্পানির এক্সিকিউটিভ অফিসার সাইফুল ইসলাম তপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে ফ্যাক্টরিতে বিদ্যুৎ ও গ্যাসসংকটের কারণে কার্টনগুলো কিছুটা নরম হয়েছে। দু-একদিন গুদামে রাখা হলে এগুলো ঠিক হয়ে যাবে।
অন্যদিকে কেরুর মহাব্যবস্থাপক (জিএম-ডিস্টিলারি) রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানে সরবরাহ করা কোম্পানির কার্টনের মান ভালো নয়। সে কারণেই এসব কার্টন গ্রহণ না করে ফেরত দেওয়া হয়েছে।
দর্শনার কেরুতে বারবার নিম্নমানের কার্টন সরবরাহ সাউথটেকের এক ট্রাক কার্টন ফেরত পাঠাল ডিস্টিলারি বিভাগ



