জীবননগর অফিস
জীবননগরে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ বস্তা সার জব্দ করে কৃষি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে জীবননগর পৌর এলাকার ভাই ভাই ট্রেডার্স থেকে মহেশপুর উপজেলায় অবৈধভাবে সার বিক্রির সময় বিষয়টি স্থানীয় সাধারণ মানুষের নজরে আসে। এ সময় স্থানীয়রা সারগুলো আটকে দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৩০ বস্তা সার জব্দ করেন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে সার বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
জানা গেছে, জীবননগর পৌরসভার কৃষকদের জন্য বরাদ্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণের কথা। তবে বরাদ্দকৃত সেই সার অন্য উপজেলায় বিক্রির চেষ্টা করা হলে স্থানীয়দের সহযোগিতায় তা শনাক্ত করা হয়। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে সারগুলো অন্যত্র চলে যাওয়া থেকে রক্ষা পায়।
এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই অবৈধভাবে অন্যত্র বিক্রি বা পাচার করা না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ নজরদারি করছে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত নিয়মে বিতরণ করতে নিয়মিতভাবে বাজার ও সার ব্যবসায়ীদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। সরকারি বরাদ্দের সার অবৈধভাবে অন্যত্র বিক্রি কিংবা মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায় এবং কোনো অসাধু ব্যবসায়ী যেন অবৈধভাবে সার অন্যত্র বিক্রি করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
জীবননগরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা



