চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. রজব আলী (৪৫), চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. সুজন আলী (৩৮), দামুড়হুদা উপজেলার কুশারঘাট গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ফারুক (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার রুপ্সারা পাড়ার মৃত নাজমুল হকের ছেলে মো. আইনুল হক (৩২)। অভিযানকালে রজব আলীর কাছ থেকে বুপ্রেনরফাইন ইনজেকশনের ৩টি অ্যাম্পুল, সুজন আলীর কাছ থেকে ১টি অ্যাম্পুল এবং ফারুকের কাছ থেকে ১টি অ্যাম্পুল উদ্ধার করা হয়। এছাড়া আইনুল হকের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে রজব আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, সুজন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, ফারুককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আইনুল হককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।