গাংনীতে অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ভ্যানচালকের ১ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস
গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা বাজারে অবৈধভাবে সার পাচারের অভিযোগে ২০ বস্তা সারসহ একটি অটোভ্যান আটক করে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকালে ধানখোলা বাজারের ইসলাম অ্যান্ড ব্রাদার্স থেকে আযান গ্রামের পশ্চিম পাড়ার খুচরা কীটনাশক ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে যাওয়ার পথে যুগিন্দা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলায় সারের সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে সার না পেয়ে অনেক কৃষককে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এ অবস্থায় সার পাচারের খবর পেয়ে স্থানীয়রা যুগিন্দা বাজারে একটি অটোভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। এসময় অটোভ্যানচালক শাহাবুল ইসলাম স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিঞার কাছে বলেন, তিনি ধানখোলা বাজারের ইসলাম অ্যান্ড ব্রাদার্স থেকে আযান গ্রামের পশ্চিম পাড়ার খুচরা সার ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে নিয়ে যাচ্ছিলেন। পথের মাঝে যুগিন্দা বাজারে আসার পর স্থানীয়রা গাড়ি আটক করে।
  খবর পেয়ে দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে অটোভ্যানচালক শাহাবুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিঞার তত্বাবধায়নে আটক করা ২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেয়া হয়। সার বিক্রি ও জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের আইনে উপস্থিত অপরাধীকে সর্তক করতে সামান্য জরিমানা করা হয়েছে। সার ডিলারদের বিষয়ে কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।