মেহেরপুর অফিস
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে গমের ময়দা দেখতে পায়। এতে বোমা আতঙ্কের অবসান ঘটে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা শহরের আসাদ মার্কেটের নিচ তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শহরের আসাদ মার্কেটের দোতলায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় রয়েছে। এ বিল্ডিং এর নিচ তলায় একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। ব্যাগের ভেতরে বোমাসদৃশ কোনো বস্তু থাকতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখা যায়, ভিতরে কোনো বোমা বা বিস্ফোরক নয় ছিল গমের ময়দা। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। পুলিশ ব্যাগ খোলার পর জানা গেছে এই মার্কেটের পেছনের বাড়ির এক নারী ব্যাগটি সেখানে রেখে বাড়ির ভেতরে চলে যান। পরে তিনি এসে জানান, ব্যাগটি তিনিই সেখানে রেখে গিয়েছিলেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পরে পুলিশ ব্যাগটি খুলে দেখে, এতে গমের ময়দা রয়েছে।
গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ের বোমা আতঙ্ক, ব্যাগে মিলল গমের ময়দা



