আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার বারাদী ইউনিয়নের গোপালনগর গ্রামের পানের বরজের ভেতর থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল আহমেদ (২৪) এবং গোপালনগর গ্রামের নুর হোসেনের ছেলে তানভীর আহমেদ (২১)।
পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে বারাদী ইউনিয়নের গোপালনগর গ্রামের পানের বরজের ভেতর থেকে রাসেল আহমেদ ও তানভীর আহমেদকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ৯টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করা হয়। আটক রাসেল আহমেদ ও তানভীর আহমেদকে সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক



