স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। সহকারী কমিশনার ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে জেলার উন্নয়নের সার্বিক চিত্র ও জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সকল বিষয়ে উন্নয়নের ধারা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান।
সভায় জানানো হয়, জেলা পরিষদের উদ্যোগে কোর্ট মোড়ে একটা বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হবে। বড় বাজার হাসান চত্বরের চারদিকে বিভিন্ন গাছের চারা রোপণ করে সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা করা হচ্ছে। সদর হাসপাতালের এসির তার চুরি ও বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকতে বলা হয়েছে। সেই সাথে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে।
সভায় উঠে আসে চুয়াডাঙ্গা পৌর পানি শৌধানাগার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই প্রকল্প চালু করতে হলে পৌরসভাকে গুণতে হবে সাড়ে ৬ লাখ টাকা মাসিক বিদ্যুৎ বিল। এই সব বিভিন্ন জটিলতার কারণে আটকে আছে পানি শৌধানাগারটি। একই সাথে পৌর বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্যানেটারি ল্যান্ড ফিল্ড চালু হয়নি পুরোপুরি।
সমন্বয় সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, জেলার উন্নয়নের সকল দপ্তরকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সড়কের পাশে যে সকল ঝুঁকিপূর্ণ গাছগুলো রয়েছে সেগুলো কর্তন করতে হবে। কৃষি খাতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। বর্তমানে কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন অসাধু ব্যবসায়ীরা সারের মজুদ করছে কিনা। বর্তমানে আম বাগান গুলোতে সার প্রয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে সার বন্টনের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য হওয়া চলবে না।
তিনি আরোও বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ড্রেনগুলো প্রায় অপরিচ্ছন্ন থাকে। পৌরসভার ড্রেনের তুলনায় হাসপাতালের ড্রেনগুলো নিচু হওয়ায় প্রায় ময়লা জমতে দেখা যায়। গণপূর্ত বিভাগকে এই ড্রেনগুলোর সমস্যা সমাধান করার জন্য বলা হলো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলামডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাহাবুদ্দিন, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উঠে এলো অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র



