স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় অনুমোদন বিহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির জন্য মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার অপরাধে এক বিক্রয় প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. ইসরাইল হোসেনের ছেলে মো. হাসানুজ্জামান (৪৪)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের সাদেকআলী মল্লিক পাড়ায় আনোয়ার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র প্রতিষ্ঠানটির ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয়ে জানতে চান। এ সময় সন্তোষজনক উত্তর দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার অপরাধে কোম্পানির পরিবেশক মো. হাসানুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এবং তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, ভোক্তাদের বিভ্রান্ত করে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আরোও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ঔষধ পরিদর্শক মো. একরামুল করিম।
অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার বিক্রয় প্রতিনিধিকে জরিমানা



