তিতুদহ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গার তিতুদহে অনূর্ধ্ব-১২ বয়সী শিশুদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শুক্রবার বিকেল ৫টায় তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে অংশ নেয় তিতুদহ অনূর্ধ্ব-১২ একাদশ ও হুলিয়ামারী অনূর্ধ্ব-১২ একাদশ। খেলায় তিতুদহ অনূর্ধ্ব-১২ একাদশ বিজয়ী হয়।
খেলাকে কেন্দ্র করে শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। মাঠে উপস্থিত শিশু, অভিভাবক ও স্থানীয়দের বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিশু ও তরুণদের করণীয় বিষয়েও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন পলাশ কবির, রুহিন, শুভ, রনি ও সামিউল। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিতুদহ অনূর্ধ্ব-১২ একাদশকে একটি ফুটবল এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে মহামূল্যবান বৃক্ষের চারা বিতরণ করা হয়। খেলাধুলার পাশাপাশি বৃক্ষের প্রতি শিশুদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরির এমন উদ্যোগ উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজক সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমরা বৃক্ষরোপণ কার্যক্রমে ছোটদের অন্তর্ভুক্ত করতে চাই। কোমলমতি শিশুদের মনে এখন থেকেই বৃক্ষের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব রোপণ করতে হবে। তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে। খেলাধুলার সঙ্গে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আমরা প্রতি বছর এ ধরনের আয়োজন করব। আমরা যারা সিনিয়র সিটিজেন, তারা যদি পরিবেশ রক্ষায় শিশু ও তরুণদের সম্পৃক্ত করার চেষ্টা করি, তাহলে তারা একদিকে যেমন পরিবেশ সচেতন হবে, অন্যদিকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে থাকবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে সংগঠনের সাহাবুল, জিসান, নিরব, বায়জিদ, আবরার ফাইয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথি ও স্থানীয়রা শিশুদের নিয়ে পরিবেশবাদী সংগঠনটির এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। আর সেই বার্তা যদি শৈশব থেকেই শিশুদের মনে গেঁথে দেওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই আয়োজকদের।
বৃক্ষরোপণের বার্তা নিয়ে তিতুদহে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত



