জীবননগর অফিস
জীবননগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রোজিনা খাতুন (৩৫) নামে এক নারীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর আপন বোন ও ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বোন সেলিনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর ছেলে সিয়াম (২৬) পলাতক রয়েছেন। আহত রোজিনা খাতুন উপজেলার রায়পুর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী। অভিযুক্ত সেলিনা খাতুন একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী এবং সিয়াম তাঁর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের বাজারপাড়ার মৃত হারুনুর রশিদ সাড়ে ১০ শতক সম্পত্তি রেখে যান। ওই সম্পত্তি তাঁর তিন মেয়ে সেলিনা, রোকসানা ও রোজিনার মধ্যে সমানভাবে ভাগ হয়ে প্রত্যেকের সাড়ে ৩ শতক করে পাওয়ার কথা। অভিযোগ রয়েছে, ভাগের পরও সেলিনা পুরো সম্পত্তি ভোগদখল করে আসছেন।
রোজিনা ও তাঁর অপর বোন রোকসানা নিজেদের অংশের জমি দখলে নিতে গেলে সেলিনা ও তাঁর ছেলে সিয়াম তাঁদের হুমকি দেন বলে অভিযোগ করেন রোজিনা।
অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বিকালে রোজিনা তাঁর পৈতৃক সম্পত্তির হিসাব বুঝে নিতে গেলে সেলিনা ও সিয়াম লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মাটিতে ফেলে মারধরের পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে রোজিনা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, রায়পুরে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সেলিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ছেলে সিয়াম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে।
জীবননগরে জমি নিয়ে বিরোধে বোনকে পিটিয়ে জখম গ্রেপ্তার আরেক বোন, ভাগ্নে পলাতক



