দর্শনা অফিস
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারতের তৈরি নতুন প্রজন্মের ১৯টি লিংক হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ। ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে প্রথম চালানের এসব কোচ চলতি আগস্টেই বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে পারে বলে জানা গেছে।
ভারত সরকারের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০২৪ সালে ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে সাত ধরনের কোচ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়। প্রথম পর্যায়ে ১৯টি কোচ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন কোচগুলোতে যাত্রীবান্ধব বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা, প্রয়োজন অনুযায়ী খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের ব্যবস্থা। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় কোচগুলোর ছাদও তুলনামূলকভাবে শক্তিশালী করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে নতুন কোচ আসার বিষয়টি তারা জানতে পেরেছেন। অতীতে ভারত থেকে বাংলাদেশে আসা বিভিন্ন রেল কোচের বড় একটি অংশ দর্শনা সীমান্ত ব্যবহার করে দেশে প্রবেশ করেছে। এবারও দর্শনা অথবা বেনাপোল দিয়ে কোচগুলো প্রবেশের সম্ভাবনা রয়েছে।
এদিকে, ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন কোচের চালানটি সেখানে পৌঁছায়নি। সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টরের তথ্য অনুযায়ী, রানাঘাটে কোচ পৌঁছানোর পর বাংলাদেশ সীমান্তের দর্শনা স্টেশনকে বিষয়টি অবহিত করা হয়ে থাকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কোচগুলো সীমান্তে পৌঁছানোর পর প্রয়োজনীয় কাগজপত্র, আনুষ্ঠানিকতা ও পারাপারের প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক ঘণ্টা থেকে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে।
এর আগে গত এপ্রিল মাসে জাতীয় সংসদে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন কোচগুলো বহরে যুক্ত হলে ব্রডগেজ কোচের ঘাটতি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দূরপাল্লার ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ায় যাত্রীসেবার মানও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আগস্টেই আসছে ভারতের তৈরি ১৯ এলএইচবি কোচ দর্শনা বা বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা



