আলমডাঙ্গা ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে সবুজ নামের যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কথা বলে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে তিনি কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি তিনি স্বীকার করেন বলে জানিয়েছে ভূমি অফিস সূত্র।
সূত্র আরও জানায়, সবুজ শেখের কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতেন। সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।