মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারও অকৃতকার্য হওয়ায় রামিদুজামান টুটুল নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।
রামিদুজামান টুটুল উপজেলার কোদালইকাটি গ্রামের পশ্চিমপাড়ার ইমারত নির্মাণ শ্রমিক মিন্টু হোসেনের ছেলে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা গেছে, টুটুল গতবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো কিন্তু অকৃতকার্য হয়। এবছর পরীক্ষা দিয়েও পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যরা তাকে বকাবকি করে। এ কারনেই হয়তো সে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস নেয়। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখে সে ফ্যানের সাথে ঝুলে আছে। দ্রুত তাকে নিচে নামানো হলে দেখা যায় সে মারা গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোদালইকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে রামিমুদজামান টুটুল তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারন জানতে কাজ করছে পুলিশ।
এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বার অকৃতকার্য হওয়ায় গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা



