স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শেরআলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট রেল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেরআলী চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উত্তর পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য মাঠে যান। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। হঠাৎ করেই মাঠের মধ্যে ট্রেনের লাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। স্থানীয়দের ধারনা রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে তিনি কাটা পড়েন। ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শের আলী শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। তারপরেও অসুস্থ শরীর নিয়েও সে মহিষ চরাতে গিয়েছিলো।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শের আলী নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে দাফন করার অনুমতি দেওয়া হয়।
চুয়াডাঙ্গার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শেরআলী নামের এক ব্যক্তির মৃত্যু



