দামুড়হুদায় থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত বিচারে সাজা প্রদান করা হয়েছে। একইসঙ্গে একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হক হাউলী মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার নতুন বাস্তপুর গ্রামের একটি বাড়িতে একজন ব্যক্তি মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জনসাধারণের বিরক্তিকর আচরণ করছে। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নতুন বাস্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪৩) কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আটক আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই রাশিদুল ইসলামের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানার একটি দল সিআর-৩০৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি জয়রামপুর কলোনীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে রিপন (২২) কে গতকাল সোমবার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।