কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্টের অভিযান ৩ ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বাজারে ওষুধের শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা মনিটরিং ও তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি ফার্মেসিকে আর্থিক দণ্ড দেওয়া হয়। এর মধ্যে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের এলি ফার্মেসিকে ৬ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং সানজীত ফার্মেসিকে ৩ হাজার টাকা করে সর্বমোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। এ সময় চুয়াডাঙ্গা জেলা ওষুধ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।