আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৯৩তম সার্বজনীন মহানামযজ্ঞ পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মহানামযজ্ঞের মূল মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, এবং ভক্ত-দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও শাহীনুর আক্তার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করে যাচ্ছে। তিনি আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
এ সময় মহানামযজ্ঞ উদযাপন কমিটির নেতৃবৃন্দ ইউএনওকে অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন এবং প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানামযজ্ঞকে ঘিরে রথতলা মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বসেছে বৃহৎ মেলা। মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইড, খেলনা, মিষ্টান্ন, হস্তশিল্প, প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্থায়ী দোকান বসেছে। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলার ও বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে উঠছে পুরো মহানামযজ্ঞ প্রাঙ্গণ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, মহানামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি বিজয় কুমার লাল মোদি, সাংগঠনিক সম্পাদক কালু ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অমল কুমার বিশ্বাস, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সার্জিনা খাতুন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর মাফুজুর রহমান রানা, পৌর কর কর্মকর্তা মোস্তাক আহমেদ, পৌর হিসাব সহকারী জয় কুমার বিশ্বাস, পৌর সার্ভেয়ার মুর্শেদুল জাহান নিশি, কনজার্ভেটিভ ইন্সপেক্টর মামুন, মহানামযজ্ঞ সদস্যবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গার সার্বজনীন মহানামযজ্ঞ পরিদর্শনে ইউএনও শাহীনুর আক্তার



