দর্শনা অফিস
দর্শনা হল্ট স্টেশনে ৪ বছরের শিশুকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন নিলুফা (২৫) নামে এক নারী। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত নিলুফা চুয়াডাঙ্গা সদর উপজেলা দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিযনের ডিহি-কৃষ্টপুর গ্রামের রেজাউলের কন্যা। সে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রবেশের সময় ট্রেনের নিচে ঝাপ দিলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দর্শনার বেসরকারী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার সাথে থাকা প্রায় ৪ বছরের শিশু অক্ষত রয়েছে। শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
দর্শনা হল্ট স্টেশনে ৪ বছরের শিশুকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা



