গাংনীতে পুলিশ অফিসারের বাড়িসহ পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামের পুলিশ অফিসারের বাড়িসহ পৃথক দুই বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কে বা কাহারা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমা সাদৃশ্যবস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। নিজাম উদ্দীনের ছেলে এসআই নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত আছেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, বাড়ির প্রবেশ পথে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।