জীবননগরে ট্রাফিক পুলিশের বিশেষ মোটরসাইকেল চেকিং অভিযান, বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা

জীবননগর অফিস
জীবননগর শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ মোটরসাইকেল চেকিং অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর হাসপাতাল সড়ক, বাসস্ট্যান্ড, দত্তনগর সড়ক ও চ্যাংখালী সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। বিশেষ করে অনটেস্ট (ফিটনেসবিহীন বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন) মোটরসাইকেলের ওপর অধিক গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দুই শতাধিক মোটরসাইকেল পরীক্ষা করা হয়। এ সময় বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হুসাইন বলেন, সকাল থেকে জীবননগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল চেকিং পরিচালনা করা হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করতে যাচাই-বাছাই করা হয়। বিশেষ করে অনটেস্ট গাড়িগুলোর ওপর বেশি নজরদারি করা হয়েছে। আজ প্রায় ২০০টির বেশি মোটরসাইকেল পরীক্ষা করে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন মানতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।