দর্শনায় মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

দর্শনা অফিস
দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার যোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদ হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সিদ্দিকুল্লার ছেলে।
শহীদ হোসেন জানান, ব্যক্তিগত কাজে দর্শনায় এসে তিনি তার বাজাজ পালসার মোটরসাইকেলটি (নিবন্ধন নম্বর: চুয়াডাঙ্গা-ল ১২-৭৬৮৬) বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে রেখে যোহরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় মুসল্লি ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি।
মসজিদের মতো জনসমাগমপূর্ণ স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এ ধরনের চুরি রোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মসজিদ, বাজার ও বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে দশর্নার থানার (ওসি) নজরুল ইসলাম জনান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।