কেরু আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমডি রাব্বিক হাসান প্রয়োজনে একটি গাছ কাটলে, অন্তত তিনটি গাছ লাগাতে হবে

দর্শনা অফিস
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কেরু ট্রেনিং কমপ্লেক্স-সংলগ্ন মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাব্বিক হাসান বলেন, গাছ পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বৃক্ষ থেকে আমরা খাদ্য, কাঠ, অক্সিজেন ও ছায়া পাই। পাশাপাশি মাটির ক্ষয়রোধ, বন্যা ও ঝড়-তুফানের ক্ষতি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, গাছ জীবজগতকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ ছাড়া পৃথিবী একসময় মরুভূমিতে পরিণত হতো। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রয়োজনে একটি গাছ কাটতে হলে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (পরিবহন ও প্রকৌশল) আবু সাঈদ, ব্যবস্থাপক (বীজ পরিদর্শক) দেলোয়ার হোসেন, ফার্ম ইনচার্জ এমদাদুল হকসহ কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।