টানা বর্ষণে ভেঙে গেল দেওয়ানপাড়ার একমাত্র পাকা সড়ক যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগে আলীপুর-খয়েরহুদা গ্রামবাসি

রকিবুজ্জামান, জীবননগর
টানা ভারী বর্ষণে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর দেওয়ানপাড়ার একমাত্র পাকা সড়কের একটি অংশ ধসে ভেঙে গেছে| এতে আলীপুর দেওয়ানপাড়া ও খয়েরহুদা গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে| সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের মানুষ|
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের একটি অংশ ধসে পড়েছে| ভাঙনের কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে| এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন|
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়েই প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে| কৃষিপণ্য পরিবহন, রোগী বহনসহ জরুরি প্রয়োজনে এটি দুই গ্রামের মানুষের একমাত্র ভরসা| সড়কটি ভেঙে যাওয়ায় কৃষিপণ্য বাজারজাত করাসহ নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে| অনেকেই এটিকে কার্যত গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শামিল বলে মন্তব্য করেছেন|
বাঁকা ইউনিয়নের ৩ ন¤^র ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হোসেন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কটি ধসে ভেঙে গেছে| ইউনিয়ন পরিষদের প্রশাসকের সহযোগিতায় দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে গ্রামবাসীর দুর্ভোগ কমানো যায়|
গ্রামবাসীর দাবি, শুধু অস্থায়ী সংস্কার নয়, ভবিষ্যতে যাতে বর্ষা মৌসুমে একই সমস্যা না হয়, সেজন্য সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানে টেকসইভাবে কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় পুনর্নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক| এতে দীর্ঘমেয়াদে এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা নিরাপদ হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।