নাজমুল হক শাওন, আলমডাঙ্গা
টানা কয়েক দিনের ভারী বর্ষণে আলমডাঙ্গা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিন আনা-দিন খাওয়া শ্রমজীবী মানুষ। কাজ না থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও ঝুম বৃষ্টিতে আলমডাঙ্গা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কাঁচা সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে, অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বাজারে মানুষের উপস্থিতিও কমে গেছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনাও উল্লেখযোগ্য হারে কমেছে।
টানা বৃষ্টির কারণে নির্মাণকাজ, কৃষি শ্রম ও অন্যান্য দৈনিক আয়ের কাজ প্রায় বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি, দিনমজুর, নির্মাণশ্রমিক, রিকশা ও ভ্যানচালকরা কাজ না পেয়ে ঘরে বসে দিন কাটাচ্ছেন। অনেকেই জানান, একদিন কাজ না করলে পরিবারের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ে। তাই টানা বৃষ্টি তাদের জীবনে অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সবজি ক্ষেত, আমন ধানের বীজতলা এবং অন্যান্য মৌসুমি ফসল ক্ষতির আশঙ্কায় রয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, টানা বৃষ্টিতে উপজেলার কিছু নিম্নাঞ্চলে পানি জমেছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আরও কয়েকদিন একইভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে সবজি, আমনের বীজতলা ও অন্যান্য মৌসুমি ফসল ক্ষতির মুখে পড়তে পারে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং মাঠ নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার জানান, কয়েক দিনের বৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। কোথাও জলাবদ্ধতা বা জনদুর্ভোগের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিম্নআয়ের ও অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
টানা বর্ষণে আলমডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, মৌসুমি ফসলের ক্ষতি শঙ্কা



