আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাঠের জমি থেকে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প ও বিপুল পরিমাণ তার চুরির অভিযোগে ইউনুস আলী (৩৩) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দর্শনা থানার শান্তিপাড়া গ্রামের আব্বাস আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার ফরিদপুর বাগানপাড়ার বাসিন্দা জামাল (৬৫) প্রায় ৭/৮ মাস পূর্বে উপজেলার নাড়ারচারা মাঠে নিজের জমিতে সৌরবিদ্যুৎ চালিত দুটি ‘গাজী’ পানির পাম্প ও প্রয়োজনীয় তার স্থাপন করেন। পাম্প দুটির আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা এবং ৫ কয়েল তারের মূল্য প্রায় ৯০ হাজার টাকা। গত ১৮ জুলাই রাত ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৭টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত চোরেরা জমিতে থাকা উক্ত পাম্প দুটি ও ৫ কয়েল তার চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ২১ জুলাই সকাল ৭টার দিকে বাদী খবর পান যে, আলমডাঙ্গা থানাধীন টেকপাড়া পাঁচলিয়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে স্থানীয় জনতা এক চোরকে আটক করেছে। সংবাদ পেয়ে বাদী সাক্ষীসহ ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতিতে আটককৃত ইউনুস আলী চুরির সত্যতা স্বীকার করে এবং জানায় যে, সে তার সঙ্গীদের নিয়ে গত ১৯ জুলাই ভোর রাত আনুমানিক ৩টার দিকে উক্ত পাম্প ও তার চুরি করেছিল।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীসহ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং চুরির সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলমডাঙ্গায় সৌরবিদ্যুতের পানির পাম্প ও তার চুরির ঘটনায় একজন গ্রেফতার



