দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। প্রধান অতিথি বলেন, তুলা একটি অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তি ও সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহারের মাধ্যমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার তুলা উন্নয়ন বোর্ড জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এ এস এম ইজাজুল ইসলাম এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিটের কটন ইউনিট অফিসার (ভারঃ) বিদ্যুৎ চন্দ্র দাস, চুয়াডাঙ্গা সদর ইউনিটের কটন অফিসার শয়েন চন্দ্র বর্মন,হেমায়েতপুর কটন ইউনিটের ইউনিট অফিসার (ভারঃ) আনন্দ মধু, দর্শনা ইউনিটের কটন অফিসার (ভারঃ) মোক্তার হোসেনসহ উপকারভোগী কৃষকগণ।
এবার উপজেলায় প্রনোদনা ভুক্ত চাষীর সংখ্যা ৮৭০ জন! তাঁদের প্রত্যেককে বিঘা প্রতি তুলাবীজ ৬০০ গ্রাম, ডিএপি: ৫০ কেজি, এমওপি ৫০ কেজি, ইউরিয়া ২৫ কেজি, বোরণ ২ কেজি ও কীটনাশক ১০ বোতল দেওয়া হবে।
দামুড়হুদায় মৌসুমে তুলা চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন



